নেত্রকোনা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ থেকে মামলার নথি চুরি ও বিনষ্ট করার অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় মডেল থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এর আগে, সোমবার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. নুরুজ্জামান বাদী হয়ে ওই কর্মচারীর বিরুদ্ধে মামলা করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ওই কর্মচারীর নাম জলিলুর রহমান (৩২)। তিনি ওই আদালতের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত। তাঁর বাড়ি সদর উপজেলার ফরিদপুর এলাকায়।
থানা-পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জলিলুর রহমান প্রায় আট বছর আগে চাকুরিতে যোগদান করেন। এরপর থেকে তিনি নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্টেনোগ্রাফার হিসেবে ছিলেন। সেখান থেকে সম্প্রতি তাঁকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ বদলি করা হয়। কিন্তু গত রোববার তিনি পূর্বের কর্মস্থল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পূর্বধলার একটি মারামারির মামলার নথি চুরি ও গায়েব করেন। পরে বিষয়টি টের পেয়ে ওই আদালতের নির্দেশে গত মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করে রাখা হয়। ওই দিন সন্ধ্যায় আদালতের নাজির মো. নুরুজ্জামান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ সেখান থেকে তাঁকে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা আদালতের পেছন থেকে নথিগুলোর ছেড়া আংশিক অংশ উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে বুধবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা জানান, গ্রেফতার হওয়া স্টেনোগ্রাফার জলিলুর রহমানকে আদালতে হাজির করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। থানার উপপরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র সেন মামলাটির তদন্ত করছেন। তাঁকে পাঁচ দিনের রিমান্ড (পুলিশি জিজ্ঞাসাবাদ) চাওয়া হবে।
এজে




