রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

আক্কেলপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

আক্কেলপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মে ২০২৬ তারিখে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও, আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনো দলীয় কর্মসূচি পালন করেননি।

এতে আরও উল্লেখ করা হয়, কর্মসূচি পালন না করে উল্টো তারা জেলা বিএনপির নেতা ও স্থানীয় এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাদের এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং তা চরম অসাংগঠনিক ও ক্ষতিকর।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়কেই দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর