নেত্রকোনায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনার সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং আরও এক শিশু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে ছেড়ে আসা মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে একটি পৌঁছে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা মেয়েসহ তিনজন নিহত হয়। নূর জাহান, তার মেয়ে স্মৃতি আক্তার এবং আরও এক শিশু নিহত হয়।

বিজ্ঞাপন
এ সময় নূর জাহানের স্বামী আইনুল হকসহ আরও ৫ জন গুরুতর আহত হয়। আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হতাহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকারসহ গোল চত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধি/এসএস




