মাদারীপুরে বিলপদ্মা নদীর চরে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কাবাডি খেলা। শিশু-কিশোরসহ নানা বয়সের হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জমে ওঠে এই আয়োজন।
শনিবার (৩০ মে) দুপুরের পর থেকে মাদারীপুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ছিলারচরের জেগে ওঠা চরে দর্শকরা জড়ো হতে থাকেন। প্রখর রোদেও মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘স্বপ্নের আলো মানবিক সংগঠন’-এর উদ্যোগে আয়োজিত এই খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ সেটে প্রবাসী কিং ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে বাংলার দামাল দল। খেলা শেষে দুই দলের হাতে ট্রফি, নগদ অর্থ ও রঙিন টেলিভিশন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বিজ্ঞাপন

খেলা দেখতে আসা দর্শক সুমাইয়া আক্তার বলেন, ‘পরিবারের সবাই মিলে এই খেলা দেখে আনন্দ পেয়েছি। ঈদের তৃতীয় দিনে এমন আয়োজন সত্যিই মিলনমেলায় পরিণত হয়েছে।’
আরেক দর্শক নাসির উদ্দিন লিটন বলেন, ‘হাজার হাজার মানুষ একসঙ্গে এই খেলা উপভোগ করেছে। পরিবার নিয়ে আসা সবাই বাড়তি আনন্দ পেয়েছেন।’

বিজ্ঞাপন
খেলোয়াড় আজিজুল আকন বলেন, ‘জয়-পরাজয়ের চেয়ে মানুষকে আনন্দ দিতে পারাটাই আমাদের সফলতা। আগামীতে আরও বড় পরিসরে খেলতে চাই।’
আরেক খেলোয়াড় নুর আলম বলেন, ‘আগে প্রায়ই বিভিন্ন এলাকায় কাবাডিতে অংশ নিতাম। এখন এই খেলা আর তেমন দেখা যায় না। জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠন নিয়মিত এ ধরনের আয়োজন করুক- এটাই আমাদের চাওয়া।’
আয়োজক মো. ফজলুল হাওলাদার জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে শুধু কাবাডি নয়, আগামীতে ফুটবল, ক্রিকেটসহ হারিয়ে যাওয়া সব ধরনের খেলা মাঠে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।




