কক্সবাজারের টেকনাফের হ্নীলা স্লুইসগেট সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সীমান্তবর্তী বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসা মানুষ ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে হ্নীলা স্লুইসগেট সংলগ্ন নাফ নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, বিকেলে কয়েকজন বন্ধু মিলে তারা হ্নীলা স্লুইসগেট সংলগ্ন সীমান্তের বেড়িবাঁধ এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ওই সময় সেখানে আরও অনেকেই ছিলেন। হঠাৎ তারা দেখেন, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি দল নাফ নদীতে প্রবেশ করে মাছ ধরতে থাকা কয়েকজন জেলেকে ধাওয়া করছে।
তিনি আরও বলেন, প্রাণভয়ে জেলেরা দ্রুত নদী ছেড়ে বাংলাদেশের হ্নীলা সীমান্তের দিকে চলে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। গুলির শব্দে বেড়িবাঁধ এলাকায় অবস্থানরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই নিরাপদ স্থানে সরে যান। পরে সশস্ত্র দলটি জেলেদের ফেলে যাওয়া নৌকা ও মাছ ধরার জাল নিয়ে আবার মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।
এই ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিকেলের দিকে হ্নীলা সংলগ্ন নাফ নদীতে গোলাগুলির একটি ঘটনা শুনেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




