মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে আছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের বীর উত্তম খেতাবপ্রাপ্ত যোদ্ধা ছিলেন এবং তার গড়া দলই আজকের জাতীয়তাবাদী দল। দেশের মানুষ ও বিএনপি সব সময় স্বাধীনতার পক্ষে থাকবে। এতে যদি কোনো অপশক্তির গাত্রদাহ হয়, তাতে বিএনপি ও এ দেশের মানুষের কিছু আসে-যায় না।
বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) দুপুরে মাদারীপুরের ডাসারে ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাসার ইউনিয়ন বিএনপি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে।
আনিসুর রহমান খোকন আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি আমরা শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের পাশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা রয়েছেন। এই শহীদদের নিয়ে যাঁরা রাজনীতিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও অধিকারের কথা বলে। রাজপথে অপপ্রচার চালিয়ে মানুষকে ভিন্ন পথে প্রবাহিত করার সুযোগ আর নেই।
ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারাত হোসেন খান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন




