শরীয়তপুরের নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় পদ্মা নদীর তীরে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়াতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীর তীরে দোকানঘর নির্মাণ করছিলেন স্থানীয় বাসিন্দা রাসেল ব্যাপারী। তবে ওই জায়গায় দোকান নির্মাণে আপত্তি জানান স্থানীয় কয়েকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, একটি চটপটির দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিনিধি/এসএস




