পবিত্র ঈদুল আজহার পরদিন চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত ও ফয়'স লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থানে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে নগর ও আশপাশের বিনোদনকেন্দ্রে ঘুরতে বের হন হাজারো মানুষ।
শুক্রবার (২৯ মে) সকাল থেকেই পতেঙ্গা, ফয়'স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পারকি সমুদ্রসৈকত, গুলিয়াখালী বিচ ও ভাটিয়ারি সানসেট পয়েন্টে পর্যটকদের উপস্থিতি দেখা যায়। নগরীর বাইরে থেকেও অনেক মানুষ ঈদের ছুটিতে এসব স্থানে বেড়াতে আসেন।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, পতেঙ্গা সমুদ্রসৈকতে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ঘোড়ার গাড়িতে চড়ছেন, কেউ সাগরের পানিতে গা ভাসিয়েছেন, আবার কেউ ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। একইভাবে ফয়'স লেকে নৌকাভ্রমণ ও বিভিন্ন রাইডে ছিল দর্শনার্থীদের ভিড়।
চট্টগ্রাম চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের দীর্ঘ লাইন দেখা যায় প্রবেশপথে। অন্যদিকে আনোয়ারার পারকি সমুদ্রসৈকত ও সীতাকুণ্ডের গুলিয়াখালী বিচেও ছিল পর্যটকদের সরব উপস্থিতি। বিকেলের দিকে ভাটিয়ারি সানসেট পয়েন্টে সূর্যাস্ত উপভোগ করতে জড়ো হন অসংখ্য তরুণ-তরুণী।
বিনোদনকেন্দ্রে বেড়াতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আগতদের বেশির ভাগই চট্টগ্রাম মহানগর ও আশপাশের বিভিন্ন উপজেলার বাসিন্দা। যাদের ঘুরে বেড়ানোর সবচেয়ে প্রিয় জায়গা পতেঙ্গা সমুদ্রসৈকত।
বিজ্ঞাপন
দর্শনার্থীদের মতে, পাশে কর্ণফুলী টানেল থাকায় পতেঙ্গা সমুদ্রসৈকত নিয়ে মানুষের আকর্ষণ বেড়েছে। ভ্রমণপ্রিয় মানুষ পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশাপাশি নদীর তলদেশে দেশের প্রথম যোগাযোগপথও ঘুরে যাচ্ছেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারী জাফর আহমেদ পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসেন পতেঙ্গা সমুদ্রসৈকতে। তিনি বলেন, সাগরপাড়ে এলে মন ভালো হয়ে যায়। বিশুদ্ধ বাতাস মনে প্রশান্তি আনে। চট্টগ্রামে এখন প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এ অবস্থায় সৈকতের বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছে।
আরমান হোসেন নামে এক পর্যটক জানান, ঈদের পরদিন পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন। অনেক দিন পর সবাই একসঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগছে এবং চারপাশের পরিবেশও বেশ আনন্দমুখর।
পতেঙ্গা সমুদ্রসৈকতের পূর্বে কর্ণফুলী নদীর মোহনা ঘিরে গড়ে ওঠা আনোয়ারা পারকি সমুদ্রসৈকতেও মানুষের প্রচুর ভিড় জমে। সেখানেও সকাল থেকে তরুণ-তরুণী, শিশু ও বয়স্করা ঘুরে বেড়াচ্ছেন বলে সৈকত এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানিয়েছেন।
পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে আরেক বিনোদনকেন্দ্র ফয়'স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডে। এখানে বেড়াতে আসা মানুষের অনেকে সি-ওয়ার্ল্ডের আনন্দে মেতেছেন। ঈদের দিনে এখানে প্রায় সাড়ে চার হাজার পর্যটক ঘুরতে এসেছেন। এখানে ছিল বেসক্যাম্পে থাকার সুযোগ। আর ফয়'স লেকে বোটে করে ঘুরে বেড়িয়েছেন অনেকেই।
ফয়'স লেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা কলেজছাত্রী তাহমিনা আইরিন বলেন, ঈদের ছুটি উপভোগ করতে এখানে এসেছি। আজকে অনেক মানুষের সমাগম হয়েছে এবং সবাই খুব আনন্দ করছে।
ফয়'স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এবার প্রচুর দর্শনার্থী ঘুরতে এসেছেন। তাঁরা দিনভর সি-ওয়ার্ল্ড ও পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আবার নতুন চালু হওয়া বেসক্যাম্পে ঘুরতে এসেছিলেন বিদেশিরাও।
কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ডের পাশেই চট্টগ্রাম চিড়িয়াখানা। একসময় চিড়িয়াখানায় তেমন বৈচিত্র্য না থাকলেও এখন আর সে পরিস্থিতি নেই। নানা ধরনের পশুপাখি নিয়ে আসা হয়েছে সেখানে। চিড়িয়াখানার বড় আকর্ষণ এখন সাদা বাঘ। এছাড়া সিংহ, বানর, হনুমান ও বিভিন্ন প্রজাতির হরিণসহ পশুপাখি দেখতে শিশু-কিশোরদের সঙ্গে এসেছেন বয়স্করাও। পাশাপাশি পাহাড়ের মাঝখানে থাকা রাইডগুলোতে চড়ে আনন্দ উপভোগ করছে শিশুরা।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে দুই শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে ঘুরতে আসেন চাকরিজীবী মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি বলেন, বাঘ দেখার জন্য শিশুদের অনেক আগ্রহ। টেলিভিশন ও পত্রিকায় চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশিত হয়। তা দেখে বাচ্চাদের মতো তাঁদেরও আগ্রহ জন্মেছে। ঈদের ছুটিতে তাই পরিবারের সবাই এখানে বেড়াতে এসেছেন।
চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, স্বাভাবিক সময়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের ভিড় লেগে থাকে চিড়িয়াখানায়। এখন ঈদের ছুটিতে সে ভিড় আরও বেড়েছে। বিশেষ করে এখানে শিশু-কিশোরদের নিয়ে এসেছেন অভিভাবকেরা।
সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতজুড়ে যেন সবুজ ঘাসের গালিচা বিছানো। ম্যানগ্রোভ বনে মাঝেমধ্যে দেখা মেলে হরিণের উঁকি, কখনো ছুটে চলে লাল কাঁকড়া। ঈদে বেড়াতে সেখানেও যাচ্ছে মানুষ। এই সৈকতে দর্শনার্থীদের জন্য ওয়াশ ব্লক ও দোকানপাট রয়েছে। বেড়িবাঁধের পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সৈকতের পাঁচ কিলোমিটারের মধ্যে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের সহস্রধারা ও সুপ্তধারা নামে দুটি ঝরনা রয়েছে। পর্যটকেরা সেখানেও ভিড় জমাচ্ছেন।
উপচে পড়া ভিড় জমেছে ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার চা বাগানগুলোতেও। সেখানেও সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের শহর ও বিভিন্ন এলাকার ভ্রমণপিপাসু মানুষ ঘুরে বেড়াচ্ছেন বলে চা বাগান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পর্যটকের ঢল নেমেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহামায়া ইকোপার্কেও। ঈদের দিন দুপুরের পর থেকে পর্যটক আসা শুরু হলেও শুক্রবার সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। ছুটি পেয়ে দেশের বিভিন্ন স্থান থেকে পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব নিয়ে এখানে ছুটে এসেছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরদীঘি থেকে মহামায়ায় যাওয়ার সড়কে গাড়ির চাপে হাঁটা দায় হয়ে পড়েছে। বিশেষ করে মোটরসাইকেলের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এছাড়া বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশাযোগে লেকের পাড়ে যেতে দেখা গেছে দর্শনার্থীদের। পার্ক ঘিরে গড়ে ওঠা হোটেলসহ বিভিন্ন দোকানে মানুষের ভিড় ছিল। পার্কের মূল গেটের বাইরে প্রায় শতাধিক গাড়ি পার্কিং করা দেখা গেছে।
দূর থেকে দেখা যায় পাহাড়সম বাঁধ। উভয় পাশে শুধু পাহাড় আর পাহাড়। বাঁধের ধারে অপেক্ষমাণ সারি সারি ডিঙি নৌকা আর ইঞ্জিনচালিত বোট। বোটে চড়ে ১১ বর্গকিলোমিটার আয়তনের লেক ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণপিপাসু মানুষ। পাহাড়ের কোল ঘেঁষে লেকের স্বচ্ছ পানিতে তাকাতেই দেখা যায় নীল আকাশ। পূর্ব দিগন্তের পাহাড়ের বুক চিরে লেকের পানিতে কায়াকিং করছে অনেকে। কিছু দূরেই দেখা গেছে পাহাড়ের ঝরনা। ঝরনার পানিতে গা ভাসাচ্ছেন অনেকে।
ইছাখালী ইউনিয়নের সাহেবদী নগর এলাকা থেকে বেড়াতে আসা সরোয়ার কামাল বলেন, ঢাকায় ব্যবসা করি এবং পরিবার নিয়ে সেখানেই থাকতে হয়। ঈদ করতে গ্রামে এসেছি। পরিবারের সদস্যদের নিয়ে মহামায়ায় বেড়াতে এসে খুব ভালো লাগছে। বাচ্চারাও অনেক মজা করেছে।

চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে আসা পাঁচ বন্ধুর একজন প্রকৌশলী জাবেদ আবছার বলেন, প্রতি বছর ঈদের ছুটিতে বন্ধুরা সবাই মিলে বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে যাই। এবার মহামায়ায় এলাম। রাস্তায় তেমন যানজট না থাকায় শহর থেকে মাত্র এক ঘণ্টায় এখানে চলে এসেছি।
মহামায়া ইকোপার্ক ইজারা পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এআর এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. জাহেদ হোসেন বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন ৩০০-৪০০ পর্যটক পার্কে আসেন। ঈদের দিন প্রায় তিন হাজার টিকিট বিক্রি হয়েছে। আশা করছি, সামনে আরও দুই-তিন দিন বেশি টিকিট বিক্রি হবে।
এদিকে বাড়তি দর্শনার্থী সামাল দিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন স্পটে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোায়েন করা হয়।
ট্যুরিস্ট পুলিশের পতেঙ্গা জোনের (সাব-জোন) ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হাসান ইমাম বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোায়েন করা হয়েছে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সেজন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
প্রতিনিধি/একেবি




