শুক্রবার, ২৯ মে, ২০২৬, ঢাকা

আশুগঞ্জে দোকানের সামনে চামড়া রাখা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

আশুগঞ্জে দোকানের সামনে চামড়া রাখা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দোকানের সামনে কুরবানির পশুর চামড়া রাখা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুবেল ও রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ি গোষ্ঠী ও শরীয়তউল্লাহ গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষকে সংঘর্ষে জড়াতে দেখা যায়।


বিজ্ঞাপন


0e655360-1674-4b1a-836d-f8fb4cc6744d

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর গ্রামের বাঘারবাড়ির মন মিয়ার দোকানের সামনে শরীয়তউল্লাহ গোষ্ঠীর কামাল ও জয়নাল কোরবানির পশুর চামড়া রাখেন। এ সময় চামড়ার রক্ত দোকানের সামনে ছড়িয়ে পড়লে বাঘারবাড়ি গোষ্ঠীর আক্তার মিয়া এর প্রতিবাদ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রাতে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর