ফরিদপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেড়াতে বের হয়ে ও বাড়ি ফেরার পথে আলাদা চারটি পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরল ছয়টি প্রাণ। নিহতদের মধ্যে পাঁচজনই বয়সে তরুণ। ঈদের আগের দিন গত বুধবার বিকেল থেকে ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।
এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছে আটজন। নিহত ছয়জন হলেন আলীমুজ্জামান মাতুব্বর (৫৫), রাজন শেখ (১৮), ইব্রাহিম ফকির (১৭), উমর শেখ (২১), মো. সাইফুল মোল্লা (২৩) এবং আলী ইমরান শরীফ (২৪)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেলের আরোহী আলীমুজ্জামান মাতুব্বর (৫৫) নিহত হন। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে। তিনি তিনি গ্রামের হোসেন মাতুব্বরের ছেলে।
একই দিন বিকেল পাঁচটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে নগরকান্দার নারায়ণখালী সেতু এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাজন (১৮) নিহত হন। তার সঙ্গে থাকা আরোহী ইব্রাহীম ফকির (১৭)ও আহত হন। গুরুতর আহত অবস্থায় ইব্রাহীমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। নিহত রাজন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে এবং ইব্রাহিম একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে। ঈদের দিনে দুজনে মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে বেরিয়েছিলেন।
এছাড়া, ঈদের আগের দিন বুধবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মো. সাইফুল মোল্লা (২৩) ও আলী ইমরান শরীফ (২৪)। আহত হন দুজন, তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নিহত সাইফুল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে এবং আলী ইমরান বরিশাল সদরের জাহাঙ্গীর শরীফের ছেলে।
এদিকে, ঈদের ছুটিতে বাড়িতে এসে বুধবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গড়ানিয়ার গ্রামের দেলোয়ার শেখের ছেলে উমর শেখ (২১)।তারা আলফাডাঙ্গা উপজেলার মধুমতী নদী এলাকায় যান। ফেরার পথে বানা ইউনিয়নের আউষের হাট এলাকায় তাদের বহনকারী নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় উমর শেখসহ কয়েকজন আহত হন।
বিজ্ঞাপন
আলফাডাঙ্গা থানা পুলিশ জানায়, স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উমরকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় দুটি মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




