পটুয়াখালীর বাউফলে আলমাস হোসেন মৃধা (৩৫) নামে এক ট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের সহিস্যা গ্রামের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আলমাস হোসেন মৃধা (৩৫) সহিস্যা গ্রামের সিরাজ মৃধার ছেলে। তিনি পেশায় মাহেন্দ্র ট্রলি চালক ছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় ৭ বছর আগে শিলা বেগম নামের এক নারীকে বিয়ে করেন আলমাস। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন আলমাস। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




