বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ঢাকা

শিশুকে ঢাল বানিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিলো চোর চক্র,  ২ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

শিশুকে ঢাল বানিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিলো চোর চক্র,  ২ নারী গ্রেফতার
বোরকা পরিহিত ২ নারী চোর চক্রের সদস্য। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আইনের সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের রাসেল ভেরাইটিজ স্টোরে দুই বোরকা পরিহিত নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা মালামাল কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে। এ সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়।
 
পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন করে পুলিশ।

28c0f5e3-b0c4-4116-a637-48187428db55

মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর আসামি শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তাররা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকানিদের অগোচরে টাকা চুরি করত।


বিজ্ঞাপন


তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। আর আইনের সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানীর জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।

প্রতিনিধি/এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর