বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

২২ ঘণ্টার দীর্ঘ যানজট পেরিয়ে নাড়ির টানে রংপুরে জিএম কাদের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

২২ ঘণ্টার দীর্ঘ যানজট পেরিয়ে নাড়ির টানে রংপুরে জিএম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

দীর্ঘ ২২ ঘণ্টা যানজট পেরিয়ে ঢাকা থেকে সড়ক পথে রংপুরে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

বুধবার (২৭ মে) দুপুরে পৈতৃক নিবাসে পৌঁছান তিনি। ঈদ উদযাপন করতে এবং পশু কোরবানি দেওয়ার জন্যই রংপুরে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিমানেই ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার কথা ছিল জিএম কাদেরের, তবে বিরূপ আবহাওয়ার কারণে নিজের গাড়িতে করেই ঢাকার বাসা থেকে ব্যক্তিগত সহকারী আবু তৈয়বকে সঙ্গে নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তিনি মঙ্গলবার দুপুর পৌনে ২টায় রওয়ানা হন। ঢাকা থেকে আসার পথে চন্দ্রা এরপর টাঙ্গাইল, সিরাজগঞ্জেই তাকে গাড়িতে বসে রাত কাটাতে হয়। ওই সব এলাকায় ভয়াবহ যানজট ছিল, ফলে তাকে যানজটে আটকা পড়ে থাকতে হয়।

বুধবার সকালে বগুড়া থেকে রংপুরের দুই ঘণ্টার পথ পাড়ি দিতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছে তার। রংপুর নগরীর পৈতৃক নিবাস নিউ সেনপাড়ায় অবস্থিত স্কাই ভিউ বাসায় এসে পৌঁছান বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। মোট ২২ ঘণ্টা যাত্রা শেষে রংপুরে পৌঁছান তিনি।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু জানান, পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্যার দীর্ঘ ২২ ঘণ্টা জার্নি করায় তিনি একটু ক্লান্ত। বর্তমানে তিনি বিশ্রাম নিচ্ছেন। তবে রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় হতে পারে বলে জানান তিনি।

এদিকে ঈদে রংপুরে জি এম কাদেরের কর্মসূচি হচ্ছে, বৃহস্পতিবার তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। এরপর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি নগরীর মুন্সিপাড়ায় তার মরহুম বাবা মার কবর জিয়ারত করবেন। সেখান থেকে নগরীর দর্শনা এলাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা তার বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করবেন।


বিজ্ঞাপন


প্রতিবারের মতো এবারেও কোরবানি ঈদ উপলক্ষে কয়েকটি গরু কোরবানি দেওয়া হবে। কোরবানির গোশত অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন জাপা নেতা আজমল হোসেন লেবু। এ ছাড়া ঈদের দিন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে স্কাই ভিউ বাসাতেই শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানা গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর