বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ দুইজন নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ দুইজন নিহত

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন কারখানার শ্রমিক এবং অপরজন ট্রাকের সহকারী (হেলপার)। 

বুধবার (২৭ মে) ভোররাতে কাহালু উপজেলায় এবং সকালে নন্দীগ্রাম উপজেলায় এই দুর্ঘটনা দুটি ঘটে। এতে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপরা এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম মো. রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তরত বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রবিউল ওই ফিড মিলেই কাজ করতেন এবং কারখানার ভেতরেই থাকতেন। রাতে কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। লাশের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া চলছে।’

অপরদিকে, সকাল সোয়া ছয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভাধীন ফোকপাল রাস্তায় আরেকটি দুর্ঘটনা ঘটে। এতে এক ট্রাকের সহকারী নিহত এবং চালক গুরুতর আহত হন। নিহত সহকারীর নাম ইনজামাম (২০)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনি গ্রামের ইজ্জত আলীর ছেলে। আহত চালকের নাম শামীম শেখ (৩৫)। তিনি একই উপজেলার খেদাপাড়া গ্রামের আরব আলী শেখের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে নন্দীগ্রামের ফোকপাল রাস্তার মাথায় দাঁড়িয়ে থাকা অপর একটি বালুভর্তি ট্রাকের পেছনে চলন্ত ট্রাকটি ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে চালক ও সহকারী কেবিনের ভেতর আটকে পড়েন। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সহকারী ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত চালক শামীম শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করেছে। নিহত সহকারীর লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর