বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

কুড়িগ্রামে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন দুই উপজেলা, বন্ধ ইন্টারনেট সেবা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম 
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১০:৪৬ এএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন দুই উপজেলা, বন্ধ ইন্টারনেট সেবা

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

সোমবার (২৫ মে) দুপুর থেকে মঙ্গলবার (২৬ মে) রাত ৮টা পর্যন্ত কার্যত অচল হয়ে পড়ে দুই উপজেলার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা।


বিজ্ঞাপন


বিদ্যুৎ না থাকায় বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক সেবাও বন্ধ হয়ে যায়। ফলে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে না পেরে দুর্ভোগে পড়েন মানুষ। কোথাও কোথাও দু-একটি অপারেটরের দুর্বল নেটওয়ার্ক পাওয়া গেলেও অধিকাংশ এলাকায় মোবাইল সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। একই সঙ্গে বন্ধ হয়ে যায় ওয়াইফাই ও ইন্টারনেট সেবা।

স্থানীয় বাসিন্দা রেজাউর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে দিনে-রাতে মিলিয়ে মাত্র এক ঘণ্টার মতো বিদ্যুৎ পাচ্ছি। সেটাও আবার বারবার চলে যায়। অথচ মাস শেষে অতিরিক্ত বিল গুনতে হচ্ছে।’ রৌমারীর যাদুরচরের বাসিন্দা লিমন আহমেদ বলেন, ‘বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ। অনলাইনে ঢোকা যাচ্ছে না, কারও সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না।’

বিদ্যুৎ সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ব্যাটারিচালিত যানবাহনের চালকেরা। অটোভ্যানচালক আরিফ বলেন, ‘কারেন্ট না থাকায় ব্যাটারি চার্জ দিতে পারছি না, গাড়ি নিয়ে বের হওয়া যাচ্ছে না। সামনে ঈদ, এই সময়ে আয়-রোজগার বন্ধ হয়ে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে।’

রাজিবপুর বাজারের কাপড় ব্যবসায়ী মো. শাহীন মাহমুদ জানান, ঈদ উপলক্ষে ক্রেতারা কেনাকাটা করতে এলেও বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পণ্য দেখতে পারছেন না। এতে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। একই বাজারের মিষ্টি ব্যবসায়ী বিনয় বলেন, ‘বিদ্যুৎ নেই, সামনে ঈদ। মিষ্টি তৈরি করতে বাধ্য হয়ে কুপিবাতি জ্বালিয়ে কাজ করছি।’


বিজ্ঞাপন


শুধু রৌমারী-রাজিবপুর নয়, সোমবার রাত থেকে কুড়িগ্রামের বিভিন্ন এলাকাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট চলছে। এতে শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৭টার দিকে মূল লাইন চালু হয়েছে। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর