বুধবার, ২৭ মে, ২০২৬, ঢাকা

শের ই বাংলা মেডিকেলের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৯:১২ এএম

শেয়ার করুন:

শের ই বাংলা মেডিকেলের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
উদ্ধার হওয়া দুই শিশুর মরদেহ।

বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) পুকুর থেকে ১০ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে মেডিকেল কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বরিশাল ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলেন-মো. আরাফাত মল্লিক (১০) এবং আকাশ। আরাফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে। সে ঢাকার একটি মাদরাসার ছাত্র। আর মৃত আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে। সে বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

Barisal-1
দুই শিশুর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

মৃত আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সঙ্গে বরিশাল নগরের বান্দরোডস্থ চরের বাড়ি এলাকায় থাকে। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়, এরপর রাতে স্থানীয়দের মাধ্যমে শের ই বাংলা মেডিকেল কলেজের পুকুর থেকে আকাশের মরদেহ উদ্ধারের খবর পাই।


বিজ্ঞাপন


অপরদিকে আরাফাত মল্লিক মামা সুরুজ জানান, আরাফাত বাবা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। কোরবানির ঈদ করতে সোমবার ঢাকা থেকে বরিশালে মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আকাশের সঙ্গে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারি দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের পুকুরে নামে। এরপর সেই পুকুর থেকেই তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে মেডিকেল কলেজের পুকুরে ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি অভিযান চালান তারা। এরপর দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর