মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক

যশোর শহরের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত অনিক হাসান অনি ও তার সহযোগী তানভীর আহম্মেদকে অস্ত্র-গুলিসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার রাতে শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। অনিক হাসান অনির বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৭টি মামলা রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুজন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনসহ একটি দল চাঁচড়া বাবলাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আলতুর ছেলে অনিক হাসান অনি এবং তারেক কাজীর ছেলে তানভীর আহম্মেদকে আটক করা হয়।

পরে দেহ তল্লাশি করে অনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি এবং তানভীরের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ মিরাজুল ইসলাম জানান, অনি পুলিশের তালিকাভুক্ত অপরাধী। মঙ্গলবার দুপুরে আটক দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর