বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বেপরোয়াগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে মহাসড়কের বাটাজোর এলাকায় দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনটি ভাঙচুর করেছে। তবে চালক-হেলপার কৌশলে পালিয়ে গেছে।
অপরদিকে দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মোটরসাইকেলযোগে উজিরপুরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭) তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন
পথিমধ্যে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এসময় তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম ও শিশু মেয়ে জান্নাত নিহত হয়। বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসছিল।
নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে। চালক হেলপারকে আটকে অভিযান চলছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস




