পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টায় বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক এবং খুলনা থেকে আসা অপর একটি ট্রাকের মধ্যে ধুপপাশা নামক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং চালকরা ভেতরে আটকা পড়েন।
বিজ্ঞাপন
দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টার পর যান্ত্রিক সরঞ্জামের মাধ্যমে ট্রাকের অংশ কেটে ভেতরে আটকে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করার পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে আহতদের দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস




