ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মা।
সোমবার (২৫ মে) সকাল পৌনে ৮টার দিকে বগুড়া শহরের বনানী মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন আনিছুর রহমান (৩৫) ও তার মেয়ে আয়শা খাতুন (৪)। আহত আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার (২৮)। তারা পাবনা জেলার সুজানগর থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
তিনি জানান, আনিছুর রহমান ব্রাকে ক্রেডিট অফিসার পদে বগুড়ায় চাকরি করতেন। কোরবানি ঈদ উপলক্ষে আনিছুর রহমান স্ত্রী সন্তান নিয়ে বগুড়া শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে বনানী মোড়ে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান এবং গুরুতর আহত হন আনিছুর রহমানের স্ত্রী পুষ্পা আক্তার। স্থানীয় লোকজন ওপুলিশ গুরুতর আহত পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেন। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ওসি বলেন, দুর্ঘটনা স্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস




