সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ঈদযাত্রা সহজ করতে জাবিতে জাকসুর উদ্যোগে বিভাগীয় শহরে বিশেষ বাসসেবা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০১:১৭ এএম

শেয়ার করুন:

ঈদযাত্রা সহজ করতে জাবিতে জাকসুর উদ্যোগে বিভাগীয় শহরে বিশেষ বাসসেবা

‎পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সরাসরি যাতায়াতের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

জানা গেছে, গত বছরের দুর্গাপূজার ছুটি এবং চলতি বছরের ঈদুল ফিতরে নেওয়া সফল উদ্যোগের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ বিশেষ পরিবহন কার্যক্রম হাতে নিয়েছে জাকসু। শিক্ষার্থীদের চাহিদা ও সুবিধা বিবেচনায় বিভিন্ন জেলা ও বিভাগীয় সমিতির সহযোগিতায় ক্যাম্পাস থেকে বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা ও নোয়াখালীগামী বাসের ব্যবস্থা করা হয়েছে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা বলছেন, প্রতি ঈদে পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া এবং যাত্রাপথের ভোগান্তি শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতা থেকে শিক্ষার্থীদের চাপ কমাতে এবং বাড়ি ফেরাকে আরও স্বস্তিদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক মো. তানভীর রহমান বলেন, “শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে জাকসু কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্য থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ বছরের ইতিহাসে সবচেয়ে ভ্রমণবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়েই দুই ঈদের দিন ছাড়া বছরের ৩৬৩ দিন শিক্ষার্থী পরিবহন সেবা চালু থাকে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে— এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ক্যাম্পাস থেকে সরাসরি বিভাগীয় শহর পর্যন্ত বাস সেবার ধারণা চালু করে। গত বছরের পূজার ছুটি, এবারের ঈদুল ফিতর এবং এখন ঈদুল আজহাতেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। হল থেকে বের হয়েই নিজ জেলার বাসে উঠতে পারার স্বস্তি— এটিকেই আমরা জাকসুর বড় অর্জন মনে করি।”

শিক্ষার্থীরা মনে করছেন, জাকসুর এ উদ্যোগ তাদের ঈদযাত্রাকে শুধু সহজই করবে না, বরং অতিরিক্ত খরচ ও ভোগান্তি কমিয়ে বাড়ি ফেরার আনন্দও বাড়িয়ে দেবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর