রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

প্রজ্ঞাপনের ৬ দিন আগেই নড়াইল নার্সিং কলেজ ছুটি দিলেন প্রশিক্ষক

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

প্রজ্ঞাপনের ৬ দিন আগেই নড়াইল নার্সিং কলেজ ছুটি দিলেন প্রশিক্ষক

নড়াইল নার্সিং কলেজে সরকারি প্রজ্ঞাপন উপেক্ষা করে ৬ দিন আগেই শিক্ষার্থীদের ঈদের ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক সুতপা শিকদারের বিরুদ্ধে।

রোববার (২৪ মে) সকালে প্রতিষ্ঠানটিতে সরেজমিনে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


গত, ১৪ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে হতে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে সরকারি এ আদেশ অমান্য করে প্রশিক্ষক সুতপা শিকদার ব্যক্তিগত সুবিধার্থে নড়াইল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ১৯ মে থেকে ছুটি ঘোষণা করেন বলে অভিযোগ ওঠে।

নার্সিং কলেজ সূত্রে জানা যায়, চারটি ব্যাচে ১৯৮ জন শিক্ষার্থী নার্সিং কলেজে অধ্যয়নরত আছেন। চলতি বছরের ২২ জানুয়ারি কলেজটির অধ্যক্ষকে অভিযোগের প্রেক্ষিতে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তখন থেকে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক সতুপা শিকদার অনানুষ্ঠানিকভাবেই কলেজের সব দায়িত্ব পালন করছেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) শিক্ষার্থীদের ছুটি দেন। শিক্ষার্থীরা পর্যায়ক্রমে ওই দিন ও পরদিন বুধবার (২০ মে) কলেজের আবাসিক ছাত্রাবাস খালি করে যার যার বাড়ি চলে যান। তবে সরেজমিনে বুধবার (২০ মে) কলেজটিতে গিয়েও প্রশিক্ষক সতুপা শিকদারকে পাওয়া যায়নি।

নার্সিং কলেজের শিক্ষার্থী প্রতিনিধি আশিক মুঠোফোনে বলেন, ছুটি দেওয়ার কথা ছিল ২৪ তারিখ থেকে। তার তিনদিন আগেই আমাদের ছুটি দিয়েছেন ম্যাম (সতুপা শিকদার)।

শনিবার (২৩ মে) নার্সিং কলেজে গিয়েও প্রশিক্ষক সতুপা শিকদারকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীরা দূর-দূরান্তে যাবে, আর আমিও অসুস্থ মানুষ তাই আগেই ছুটি দিয়েছি। সরকারি কলেজ নিয়মবহির্ভূতভাবে ছুটি দেওয়া যায় কি না, এমন প্রশ্নে তিনি বলেন, পার্শ্ববর্তী জেলার কলেজ সমূহের সঙ্গে সমন্বয় করে একইসঙ্গে ছুটি দিয়েছি। আর এ বিষয়টি জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসক মহোদয়ের অনুমতিক্রমে করেছি। তবে যশোর ও খুলনা নার্সিং কলেজে যোগাযোগ করা হলেও নড়াইল নার্সিং কলেজের প্রশিক্ষক সতুপা শিকদারের দেওয়া বক্তব্যের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এদিকে রোববার নড়াইল নার্সিং কলেজে সরেজমিনে গেলে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক সতুপা শিকদার বলেন, আমি শিক্ষার্থীদের ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ছুটি দিয়েছি, এর আগে কোনো ছুটি দেইনি। শিক্ষার্থীদের ছুটি প্রসঙ্গে এমন দ্বিমুখী বক্তব্য সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন, কোন সময় কি বলছিলাম, অত খেয়াল থাকে নাকি!

নড়াইল জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি স্পষ্টভাবে জানান, নার্সিং কলেজের শিক্ষার্থীদের ছুটির বিষয়টি তাকে কিছুই জানানো হয়নি।

এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর