গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জিহাদ মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত জিহাদ মিয়া হিংগারপাড়া গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে ও হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক ফকির বলেন, জিহাদ মিয়া প্রতিবেশী দাদা শাহিম মিয়ার বাড়িতে বেড়াতে যায়। এ বাড়িতে থাকা একটি চার্জার ভ্যানে বসামাত্র বিদ্যুতায়িত হয়। বাড়ির লোক টের পেয়ে জিহাদ মিয়াকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, জিহাদ মিয়া আমাদের প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছেলেটি অত্যন্ত নম্র ভদ্র ছিল।
ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হিংগারপাড়া গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ধরনের ঘটনায় খুবই দুঃখজনক।
বিজ্ঞাপন
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




