লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে তালাকের মাধ্যমে তার বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যে বাবার বাড়িতে আসতেন। চার দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। বাবার বাড়ির পাশেই ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের বাড়িতে কেউ না থাকায় সেখানেই অবস্থান করছিলেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, শনিবার রাতে প্রতিদিনের মতো ওই বাড়িতে ঘুমাতে যান স্বপ্না বেগম। রোববার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা বাড়ির গেট খোলা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
বিজ্ঞাপন
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের অবস্থা দেখে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




