মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদ থেকে সুহিন সরদার (২৫) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত সুহিন উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে। তিনি ইজিবাইকচালিয়ে জীবিকানির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার বোনের বাড়িতে রাতের খাবার খেয়ে বাইরে বের হন সুহিন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীরে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে কালকিনি থানার পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে সে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসল কারণ জানা যাবে৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




