কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারকালে সুজন মিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক দুই লাখ ৪০ হাজার টাকা।
শনিবার (২৩ মে) সকালে মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, আটক সুজন মিয়ার কাছ থেকে অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারটি কেটে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা গাঁজা পাওয়া যায়।
অপরদিকে একই দিনে মাদারগঞ্জ ঘাট এলাকায় নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত থেকে আরো এক মাদকবিরোধী অভিযানে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোন্নাফ আলী (৩৬) নামের আরেকজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে




