নড়াইল সদর উপজেলায় নিষিদ্ধ উইনসেরেক্স (Wincerex) মাদকসহ শুকুরোন (৫৭) নামের এক নারীকে আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তবে তার স্বামী নুর মিয়া (৬৪) কৌশলে পালিয়ে গেছে।
শনিবার (২৩ মে) সকালের দিকে উপজেলার তুলরামপুর ইউনিয়নের চামরুল গ্রামের উত্তরপাড়া এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত শুকুরোন উপজেলার তুলরামপুর ইউনিয়নের চামরুল গ্রামের মোসলেম মোল্যার মেয়ে এবং পলাতক আসামি নুর মিয়া ওই গ্রামের পানজু মোল্যার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের একটি দল উপজেলার তুলরামপুর ইউনিয়নের চামরুল গ্রামের উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই নারীকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৩৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল জাতীয় কোডিন ফসফেট মিশ্রিত ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ওই নারীর স্বামী নুর মিয়া দৌড়ে পালিয়ে যান।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সাথে পলাতক আসামি নুর মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এজে




