নেত্রকোনার পূর্বধলায় চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে তিনি বিষপান করেন।
বিজ্ঞাপন
নিহত রুপা আক্তার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের সানকি ডুয়ারী গ্রামের আব্দুল মতিনের মেয়ে। প্রায় ১১ মাস আগে একই গ্রামের নাঈম খানের (২২) সঙ্গে তাঁর বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রুপার শাশুড়ি শরিফা খাতুন ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ারে ২০ হাজার টাকা রাখেন। পরে সেখান থেকে ১০ হাজার টাকা নিখোঁজ হলে রুপাকে সন্দেহ করা হয়। এই নিয়ে স্বামী নাঈম খান ও শাশুড়ি শরিফা খাতুনের সঙ্গে রুপার কথা-কাটাকাটি হয়।
এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রুপা বিষপান করেন। পরে স্বামী ও শাশুড়ি তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর নিহতের শাশুড়ি শরিফা খাতুনকে আটক করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




