জয়পুরহাটে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনভ
মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির পাশে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। এসময় প্রধান সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




