নীলফামারীর ডোমার মহাসড়কে বালুভর্তি ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০)। এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র (২৫)। মমিনুল ইসলাম ভ্যানচালক ও বিকাশ চন্দ্র ট্রাকের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডোমারের সোনারায় পুটির মোড়ে ডোমার থেকে নীলফামারীগামী এক বালুভর্তি ট্রাক আসছিল। এ সময় নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা ভ্যান মোড় ঘোরার সময় ট্রাকের সামনে উল্টে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের ওপর উল্টে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, ঘটনাস্থলেই মিথিলা ভ্যানচালক মমিনুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয় আবুল কালাম জানান, দুর্ঘটনার শব্দ শুনে এলাকাবাসীর সঙ্গে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি মিথিলা ভ্যানচালককে মৃত অবস্থায় দেখতে পান। এছাড়া বালুর নিচ থেকে এক শ্রমিককে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




