চট্টগ্রামের মিরসরাইয়ে উল্টোপথে আসা ড্রামট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ রায়হান (৩০) নামে এক ওমান প্রবাসী নিহত হয়েছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন মিনহাজ উদ্দিন সজিব (৩০) নামে আরও এক আরোহী।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের উপজেলার বড়কমলদহ ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার মো. ইউসুফের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন অসুস্থ। অসুস্থ মাকে দেখার জন্য সম্প্রতি তিনি ওমান থেকে দেশে এসেছিলেন। শুক্রবার সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে ডাকঘর এলাকায় একটি ড্রামট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। শুনেছি সেখানে রায়হান নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




