রংপুরের পীরগাছায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের দু’জনকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পীরগাছা সদর ইউনিয়নের তালুক ঈশাদ (শটিপাড়া) গ্রামের বাসিন্দা ও স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান (৫৫) এবং পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান (৪৫)।
উল্লেখ্য, দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী, জাল সনদ ও নকল বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে গত বুধবার (২০ মে) রাতে সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর সংঘবদ্ধভাবে হামলা করে কয়েকজন শিক্ষক। সেই হামলায় আহত আব্দুল কুদ্দুছ সরকার দৈনিক সংবাদের পীরগাছা প্রতিনিধি ও পীরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুল কুদ্দুছ বলেন, বুধবার রাত ৮টার দিকে সোনালী ব্যাংকের নিচে মুহিব কম্পিউটারে বসে সংবাদ লেখার কাজ করছিলেন তিনি। এ সময় স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান কথা আছে বলে তাকে বাইরে ডাকেন। দোকানের বাইরে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর তারা হামলা চালায়। সেই হামলায় নেতৃত্ব দেন স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার লুৎফর রহমান। এ সময় দক্ষিণ ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল ও রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানও অংশ নেন।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস




