ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জুবায়ের (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে দোহার উপজেলার পালামগঞ্জ ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত জুবায়ের ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও নবাবগঞ্জ উপজেলার নয়নগর এলাকার ইটালী প্রবাসী মো. জুয়েলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোবায়ের ও সোহান বাড়ি থেকে পালামগঞ্জ এলাকায় ঘুরতে আসে। পালামগঞ্জ থেকে বৃষ্টির মধ্যেই মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ফুলতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি রিকাশার সঙ্গে ও পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলে থাকা জুবায়ের ও সোহান মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহত জুবায়ের ও সোহানকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত বলে জানায়। সোহানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন বলে জানা যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় জুবায়ের নামে একজন মারা গেছে অপর একজন আহত হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




