ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬১) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় মোটরসাইকেলের আরোহীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন মুক্তা মার্কেট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ি এলাকার মৃত নয়ন শেখের ছেলে।
আহতরা হলেন উপজেলার ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দ্রুতগতির একটি মোটরসাইকেল মুক্তা সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক আবুল হোসেন ও মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, দুর্ঘটনার ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




