পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ারেন্ট তামিল, জুয়া ও মাদকের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। অভিযোগ উঠেছে, গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা চালানো হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
বর্তমানে আহত পুলিশ সদস্যরা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একই সাথে থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল ও এএসআই তুহিন। বর্তমানে তারা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই সোহেল ও তুহিন সিভিল পোশাকে মোটরসাইকেলযোগে ওই এলাকায় জুয়া, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহে যান। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি হঠাৎ উল্টে যায়। ঘটনাস্থলে থাকা দুই পুলিশ সদস্য মানবিক কারণে ট্রলিতে থাকা আহতদের উদ্ধার করতে এগিয়ে যান।
বিজ্ঞাপন
পরে স্থানীয় কিছু উৎসুক জনতা ও দুষ্কৃতকারী গুজব ছড়ায় যে, পুলিশের উপস্থিতির কারণেই ট্রলিটি দুর্ঘটনার শিকার হয়েছে। এ গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ধরে কিল-ঘুসি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আক্রান্ত দুই পুলিশ সদস্য থানায় খবর দেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও জানান, আহত দুই পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে




