শনিবার, ২৩ মে, ২০২৬, ঢাকা

কোরবানিযোগ্য বানাতে ডেন্টাল কেয়ারে নিয়ে তোলা হলো ছাগলের দাঁত

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২২ মে ২০২৬, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

কোরবানিযোগ্য বানাতে ডেন্টাল কেয়ারে নিয়ে তোলা হলো ছাগলের দাঁত

ময়মনসিংহের ত্রিশালে কোরবানির পশু হিসেবে বিক্রির উদ্দেশ্যে একটি ছাগলের দাঁত তুলে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌরসভার মহিলা কলেজ গেট-সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা পৌরসভার জামে মসজিদ রোড এলাকা থেকে লিটন নামের এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে তারা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন তারা।

অভিযুক্তরা জানান, ছাগলের দাঁত নড়বড়ে হওয়ায় সেটি তুলে ফেলা হয়েছে এবং পরে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে মানুষের ডেন্টাল চেম্বারে কেন ছাগলের দাঁত তোলা হয়েছে জানতে চাইলে তারা বলেন, এখানে দাঁত তোলা হয় শুনেই এসেছি।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন প্রতারণা অত্যন্ত নিন্দনীয়। কাঁচা দাঁত তুলে পশুর বয়স গোপন করা যেমন প্রতারণা, তেমনি এটি প্রাণীর প্রতিও নিষ্ঠুর আচরণ। একই সরঞ্জাম দিয়ে পশুর দাঁত তুলে আবার মানুষের চিকিৎসা করা হলে তা জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের বিষয়।

আলভি ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক বলেন, আমি উপস্থিত ছিলাম না। আমার প্রতিষ্ঠানের এক কর্মচারী না বুঝে ছাগলের দাঁত তুলে ফেলেছে।


বিজ্ঞাপন


দাঁত তোলার কথা স্বীকার করে রাকিব নামের এক ব্যক্তি বলেন, পরিচিত একজন নিয়ে আসায় দাঁত তুলেছি। তবে এর জন্য কোনো টাকা নেওয়া হয়নি।

ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, প্রাণিকল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ১০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর