চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী ‘বোগদাদ’ ও ‘আইদি’ পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে এই রুটে আইদি ও বোগদাদ পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে চাঁদপুর থেকে দেশের অন্য সব রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
শ্রমিকদের দাবি, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করে এবং প্রায় ১০ জন শ্রমিককে আহত করে। আহতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে পার্কিং করে রাখা বাসে কর্মরত শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করতে থাকে।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ জানান, এ ঘটনার পর থেকে সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিজ্ঞাপন
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি প্রশাসন অবগত রয়েছে। খুব দ্রুত সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।’
প্রতিনিধি/একেবি




