দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। বিএনপি দেশের মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন সফল করেছিলাম, সে স্বপ্ন বৃথা হতে দিব না বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২০ মে) রাত ৮টায় কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, ডিজেল কার্ডের নামে তামাশা করছেন। আমরা আপনার নিকট আরেকটি কার্ড চাই, সেটি হলো জাস্টিস কার্ড। আপনারা যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন, তাহলে জনগণের হাতে কিন্তু লাল কার্ড রয়েছে তারা আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে। ইতোমধ্যে আপনারা ইয়েলো কার্ড পেয়েছেন। খুব শিগগিরই আপনাদেরকে লাল কার্ড দেখানো হবে।
এনসিপি নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়ক আরিফ হোসেনের সভাপতিত্বে ও এনসিপি নেতা মীর মাহদী আল মানসুরের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা সংগঠক ডাক্তার ফয়সাল হোসেন।
বিজ্ঞাপন
পথ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খান, এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ, জাতীয় যুবশক্তি সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ প্রমুখ।
প্রতিনিধি/টিবি




