বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

বাবার বাড়ি থেকে টাকা না আনায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী উধাও

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

বাবার বাড়ি থেকে টাকা না আনায় প্রাণ গেল গৃহবধূর, স্বামী উধাও

শরীয়তপুরের ভেদরগঞ্জে রাজলক্ষ্মী পূরবী (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিদেশ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় স্বামী চঞ্চল হালদার তাকে নির্যাতনের পর হত্যা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিন বছর আগে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার কৃষক সুনীল মণ্ডলের মেয়ে রাজলক্ষ্মী পূরবীর সঙ্গে ভেদরগঞ্জ উপজেলার সিংগাচুড়া এলাকার রামচন্দ হালদারের ছেলে চঞ্চল হালদারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সংসারে টানাপড়েন চলছিল বলে জানিয়েছেন স্বজনরা।


বিজ্ঞাপন


অভিযোগ রয়েছে, চঞ্চল কাজকর্মে অনিয়মিত ছিলেন এবং বিভিন্ন সময় শ্বশুরের কাছ থেকে টাকা নিতেন। সেই টাকা পরিশোধ না করে উল্টো আরও টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এ নিয়ে প্রায়ই পূরবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।

স্বজনদের দাবি, সর্বশেষ বিদেশ যাওয়ার কথা বলে চঞ্চল তার স্ত্রীর মাধ্যমে বাবার বাড়ি থেকে চার লাখ টাকা দাবি করেন। মঙ্গলবার পূরবী বাবার বাড়িতে গিয়ে টাকা চাইলেও দরিদ্র বাবা সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। এর একদিন পর বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পূরবীকে উদ্ধার করা হয়। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে অটোরিকশা চালক হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নিহতের বাবা সুনীল মণ্ডল বলেন, আমার একটাই মেয়ে। সে প্রায়ই ফোন করে বলতো, টাকার জন্য ওকে মারধর করা হয়। জামাইকে টাকা দিতে দিতে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি মানুষের জমিতে কাজ করে সংসার চালাই। এত টাকা কোথায় পাব? টাকা দিতে না পারায় আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে।


বিজ্ঞাপন


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চঞ্চলের মা লক্ষ্মী রানী। তার দাবি, স্বামীর বিদেশ যাওয়ার জন্য পূরবী বাবার বাড়িতে টাকা চাইতে গিয়েছিলেন। টাকা না পাওয়ায় বাবা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। পরে বাড়িতে ফিরে এসে পূরবী আত্মহত্যা করেন।

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসান জানান, বুধবার সকালে রাজলক্ষ্মী পূরবী নামে এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরিবারের সদস্যরা তাকে ফাঁস নেওয়া অবস্থায় উদ্ধারের কথা জানান। পরীক্ষা-নিরীক্ষার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর