বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

রংপুরে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা ইউএনও অফিসের কর্মচারী

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৩:১৯ এএম

শেয়ার করুন:

রংপুরে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা ইউএনও অফিসের কর্মচারী

জন্মনিবন্ধন সংশোধনের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক মমিনুল ইসলামের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় সাংবাদিকদের ক্যামেরায় হাতেনাতে ধরা পড়েন তিনি। নিজেকে বাঁচাতে এ সময় ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান এই কর্মচারী।


বিজ্ঞাপন


ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম ইসলাম জানান, তার মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে অন্য কেউ জন্মনিবন্ধন করায় তিনি তা সংশোধনের জন্য ইউএনও কার্যালয়ে আবেদন করেন। কিন্তু গত চার-পাঁচ মাস ধরে তাকে ঘোরানো হচ্ছিল। একপর্যায়ে অফিস সহায়ক মমিনুল কাজটি করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করেন। পরে ৩ হাজার টাকায় রফা হয়।

কথা অনুযায়ী মমিনুল টাকা নেওয়ার জন্য নাঈমকে বারবার ফোন দিতে থাকেন। অফিসের ভেতরে টাকা না নিয়ে তিনি নাঈমকে উপজেলা পরিষদের গেট এবং পরে রেলওয়ে স্টেশনের পাশে ‘শিমুলতলা’ নামক নির্জন জায়গায় ডাকেন। সেখানে টাকা নেওয়ার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে পরিচয় জানতে চাইলে মমিনুল নিজেকে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী ‘মমিন’ বলে দাবি করেন। ঠিক সেই মুহূর্তেই মাইমুনা খাতুন নামে অন্য এক ভুক্তভোগী সেখানে উপস্থিত হয়ে মমিনুলের বিরুদ্ধে টাকা নেওয়ার সরাসরি অভিযোগ তোলেন। তখন আর কোনো উপায় না দেখে ‘টাকা ফেরত দেব’ বলে মমিনুল দৌড়ে পালিয়ে যান।

ঘটনাস্থলে উপস্থিত অন্য ভুক্তভোগীরা জানান, মমিনুলের ঘুষ বাণিজ্য এখন ওপেন সিক্রেট। গোলাপ মিয়া নামে এক ব্যক্তি জানান, ইউএনও’র সই নেওয়ার কথা বলে তার কাছ থেকে টাকা নিলেও কাজ করে দেননি মমিনুল। মাইমুনা খাতুন জানান, তিনি ৫০০ টাকা দিলেও মমিনুল আরও টাকা দাবি করেছিলেন এবং পরবর্তীতে তার মোবাইল নম্বরটি ব্লক করে দেন।

সেবাগ্রহীতাদের দাবি, মমিনুল প্রায়ই এভাবে টাকা হাতিয়ে নেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘জন্মনিবন্ধনের কোনো কাজ সরাসরি মমিনুলের হাতে নেই। সে মানুষকে বিভ্রান্ত করে টাকা নিয়েছে। কোনো অবস্থাতেই দুর্নীতি বা হয়রানি সহ্য করা হবে না। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর