বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

জাতীয় সংগীতের সময় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর 
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:১৯ এএম

শেয়ার করুন:

জাতীয় সংগীতের সময় ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা ইউনিয়নে জাতীয় সংগীত পরিবেশনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু অতিথিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনে অংশ নিচ্ছিলেন। এ সময় ইউনিয়ন বিএনপির সহসভাপতি জসিম বেপারি, তার ছেলে সিয়ামসহ কয়েকজন আকস্মিক তার ওপর হামলা চালান।

ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদি জিল্লু বলেন, ‘বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি অনুষ্ঠান পরিচালনা করছিলাম। জাতীয় পতাকা উত্তোলনের মতো একটি পবিত্র মুহূর্তে হঠাৎ জসিম বেপারি ও তার লোকজন আমার ওপর হামলা চালায়। এতে আমি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি এবং বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযুক্ত বিএনপি নেতা জসিম বেপারি বলেন, ‘এই স্কুলটি আমার বাপ-দাদার জমিতে তৈরি। এখন এখানে অনুষ্ঠান আমাদের লোকজন নিয়েই হবে। চেয়ারম্যান অতীতে আমাদের অনেক ক্ষতি করেছেন। সেজন্য একটি লাঠি নিয়ে গিয়েছিলাম, তবে কাউকে মারতে পারিনি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত চলাকালে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ডামুড্যা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে পুনরায় অনুষ্ঠান শুরু হয়।


বিজ্ঞাপন


ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘চেয়ারম্যান ও জসিম বেপারির মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অনুষ্ঠান পুনরায় শুরু করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর