রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঘুষি মেরে কম্পিউটার অপারেটরের দাঁত ফেলে দিলেন অধ্যক্ষ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

ঘুষি মেরে কম্পিউটার অপারেটরের দাঁত ফেলে দিলেন অধ্যক্ষ
বায়ে কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, ডানে ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান।

ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভেঙে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামান জানান, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান তার কাছ থেকে গত বছরের কোরবানির পরে ২০ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত চাইলে অধ্যক্ষ তা না দিয়ে ৬ থেকে ৭ মাস গড়িমসি করেন। একপর্যায়ে তিন মাস আগে তার পাওনা টাকা পরিশোধ করেন অধ্যক্ষ। বিষয়টি কলেজের অন্যরা (শিক্ষক ও কর্মকর্তারা) জেনে যান। এতে ক্ষিপ্ত হন অধ্যক্ষ।

সোমবার বেলা ১১টার দিকে অধ্যক্ষ হাফিজুর রহমান তাকে কলেজের অফিস কক্ষে ডেকে নিয়ে টাকা ধার নেওয়া সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তিনি (অধ্যক্ষ) ক্ষিপ্ত হয়ে তার (কম্পিউটার অপারেটরের) মুখে কয়েকটি ঘুষি মারেন। এতে তার দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।

আরও পড়ুন

চালককে মারধর, নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

আহত অবস্থায় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, আমি একটু উত্তেজিত হয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। এটা আমার ভুল হয়েছে। এজন্য আমি দুঃখিত। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অভিযোগের বিষয়টি ফয়সালা করবেন।

এ বিষয়ে কলেজ পরিচালনা কমিটির সভাপতি এসএম সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর