সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ জন্মস্থান পদ্মা নদী তীরবর্তী মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে, সন্ধ্যার কিছুক্ষণ আগে ডহুরী গ্রামের নিজ বাড়ির আঙিনায় বাবার কবরের পাশে দাফন করা হয় তাকে।
বিজ্ঞাপন
এর আগে, সোমবার দুপুরে মিজানুর রহমান সিনহার মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকা জুড়ে।
এ সময় তাকে শেষ বারের মতো এক নজর দেখতে অশ্রুসিক্ত নয়নে ছুটে আসেন হাজার হাজার মানুষ। ছুটে আসেন তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধারা। এ সময় তারাও কান্নায় ভেঙে পড়েন।
বিএনপির, বর্ষীয়ান এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজায়, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ সহ হাজারো নেতাকর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন।
বিজ্ঞাপন
মিজানুর রহমান সিনহা, বিএনপি'র সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।
এরপর, বয়স জনিত কারণে ২০২০ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।
পরবর্তীতে ২০২৫ সালে পুনরায় রাজনীতিতে ফিরে তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকায় তার নাম আসে। কিন্তু তার অসুস্থতাজনিত কারণে পরে আসনটিতে মনোনয়ন পরিবর্তন করে বিএনপি।
মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বিশিষ্ট শিল্পপতি এবং শিল্প প্রতিষ্ঠান একমি গ্রুপের প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে, মিজানুর রহমান সিনহা ১৯৯০ সালে বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে ২২ জানুয়ারি ২০২০ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
এছাড়া বিএনপির মনোনয়নে মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ি) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।
বার্নাঢ্য কর্মময় জীবনে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজহিতৈষী কাজেও এলাকায় ব্যাপক সুখ্যাতি ছিলো তার।
উল্লেখ্য : গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।
দেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মিজানুর রহমান সিনহা। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই স্বাস্থ্য প্রতিমন্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রতিনিধি/ এজে




