রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

মেডিকেল শিক্ষার্থীকে গুলি: অস্ত্র মামলায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

মেডিকেল শিক্ষার্থীকে গুলি: অস্ত্র মামলায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করে আহত করা এবং অবৈধভাবে বিদেশি অস্ত্র ও গুলি রাখার দায়ে প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার বলেন, দণ্ডপ্রাপ্ত ডা. রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। আদালত অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১৪ বছর এবং ১৯ (এফ) ধারায় আরো ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, একজন উচ্চশিক্ষিত শিক্ষক হয়েও রায়হান শরীফ বেআইনিভাবে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও ধারালো অস্ত্র নিজের হেফাজতে রেখেছিলেন। তিনি নিয়মিত এসব অস্ত্র কর্মস্থলেও বহন করতেন এবং এরই ধারাবাহিকতায় নিরীহ শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন।

Tomal
প্রভাষক ডা. রায়হান শরীফ ও শিক্ষার্থী আরাফাত আমিন তমাল

আদালত আরো পর্যবেক্ষণ করেন, ছাত্রজীবন থেকেই তিনি সশস্ত্র ক্যাডার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরও সেই কর্মকাণ্ড অব্যাহত রাখেন।


বিজ্ঞাপন


মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডা. রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। এতে তমাল গুরুতর আহত হন এবং ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রায়হান শরীফকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও দুটি অত্যাধুনিক ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর