নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের গঙ্গানগর এলাকার আব্দুর রব এবং তার দুই ছেলে হৃদয় (২৮) ও শুভর (২২) বিরুদ্ধে নুরুদ্দিন হাওলাদার (৩২) নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৭ মে) ভোর ৬টায় দু'দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় ঠিকাদার নুরুদ্দিন হাওলাদার মারা যান।
বিজ্ঞাপন
নিহত নুরুদ্দিন নিউটাউন আবাসিক এলাকার সোহেল মিয়ার বাড়ির নিচ তলার ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করে আসছিলেন। তিনি ভোলা জেলার পশ্চিম ইলিশা উপজেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, প্রায় ২ বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেছিল আমার স্বামী। কাজ শেষ করে দেওয়ার পর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো আরো কাজ করতে দীর্ঘদিন ধরে চাপ ও হুমকি দিয়ে আসছিল আব্দুর রব এবং তার দুই ছেলে হৃদয় ও শুভ।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত নুরুদ্দিনের ভাই মিজান রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে আব্দুর রব এবং তার দুই ছেলে হৃদয় ও শুভ এসে আমার ভাইকে বাড়ি থেকে ডেকে সামনের রাস্তায় তর্কাতর্কি করছিল। হঠাৎ হৃদয়ের পকেটে থাকা সুইচ গিয়ার বের ৩টি আঘাত করে। এর একটি বুকের বামপাশে লাগে। আমি ৭ তলা থেকে নেমে আসতে আসতে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় আমার ভাই মারা যায়। নুরুদ্দিনের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোনারগাঁও থানার তদন্ত ওসি জামাল হোসেন বলেন, আমরা গতকালই অভিযোগ পেয়েছি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




