মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৭ মে) সকালে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়া এলাকার বাসিন্দা ফজলুর রহমানের (৭০) বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু, একটি হুমকি চিরকুট ও সাদা কাপড় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
বিজ্ঞাপন
ফজলুর রহমান ওই গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




