শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

টেকনাফে পুলিশ পরিচয়ে আ.লীগ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

টেকনাফে পুলিশ পরিচয়ে আ.লীগ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ
আওয়ামী লীগ নেতা হোছেন আলী।

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে হোছেন আলী নামে স্থানীয় এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মুখোশধারীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ মে) রাত পৌনে ২টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের দাবি।


বিজ্ঞাপন


অপহৃত হোছেন আলী বাহারছড়ার নোয়াখালী পাড়ার মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু সাঈদ জানান, হোছেন আলী নামের এক ব্যক্তিকে মুখোশধারীরা বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছেন। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

অপহৃতের ভাতিজা মিজানুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে একদল মুখোশধারী তাদের বাড়িতে এসে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তার চাচাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।

অপহৃতের স্ত্রী রোজিনা বেগম বলেন, রাত ২টার আগ মুহূর্তে নিজেদের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্য পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি তাদের বাড়ির চারপাশ ঘিরে ফেলে। তারা জানায়, হোছেন আলীর বিরুদ্ধে মামলার ওয়ারেন্ট রয়েছে এবং দ্রুত দরজা খুলতে চাপ সৃষ্টি করে। এমনকি দরজা না খুললে ভেঙে ফেলারও হুমকি দেয়।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, অনেকক্ষণ পর আমার স্বামী দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে পাঁচজন অস্ত্রধারী ঘরে প্রবেশ করে। বাইরে আরও ৬ থেকে ৭ জন অবস্থান করছিল। তারা আমার স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পাহাড়ের দিকে চলে যায়। আমি চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।

রোজিনা বেগম জানান, তার স্বামী গত চারদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত খারাপ। ছোট দুই সন্তান নিয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াস জানান, ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, পুলিশের পরিচয় দিয়ে দুর্বৃত্তরা হোছেন আলীকে পাহাড়ের দিকে নিয়ে গেছে। তার জানামতে, হোছেন আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মুখোশধারীরা এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর