নাটোরের সিংড়ায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী আলম প্রামাণিক জানান, গভীর রাতে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা তার পুত্রবধূ শ্রাবণী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে ওয়ারড্রবে থাকা স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা রয়েছে বলে তিনি জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/একেবি




