শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

হিলি বাজারে কমেছে জিরার দাম, স্বস্তিতে ক্রেতারা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

হিলি বাজারে কমেছে জিরার দাম, স্বস্তিতে ক্রেতারা

আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা। প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলা জাতীয় পণ্যের দাম বাড়লেও এবার দিনাজপুরের হিলি বন্দরের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। বিশেষ করে জিরার দামে এসেছে উল্লেখযোগ্য কমতি। বর্তমানে বাজারে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় ১০০ টাকা কম।

শনিবার (১৬ মে) সকালে হিলি মসলা বাজার ঘুরে দেখা যায়, গত বছরের কোরবানির ঈদে যেখানে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছিল ৬৫০ টাকা দরে, সেখানে এবার একই জিরা বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়।


বিজ্ঞাপন


ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে স্বাভাবিকভাবে আমদানি অব্যাহত থাকায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে কমেছে দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে।

বগুড়া থেকে আসা ক্রেতা নাজমুল হক বলেন, হিলি একটি বড় মসলার বাজার। এখানে তুলনামূলক কম দামে সব ধরনের মসলা পাওয়া যায়। সামনে কোরবানির ঈদ, তাই প্রয়োজনীয় মসলা কিনতে এসেছি। জিরা কিনলাম ৫৫০ টাকা কেজি দরে। গত বছরের তুলনায় এবার দাম অনেকটাই কম।

স্থানীয় ক্রেতা আজিজুল ইসলাম বলেন, গত বছরে ৬৫০ টাকা কেজি দরে জিরা কিনেছিলাম। এখন ৫৫০ টাকা কেজি কিনলাম। গত বছরের তুলনায় বর্তমানে দাম কিছুটা কমেছে, এতে স্বস্তি আছে।

হিলির বিসমিল্লাহ মসলা ঘরের ব্যবসায়ী শাওন আহমেদ জানান, গত দুই ঈদের তুলনায় এবার প্রায় সব ধরনের মসলার দাম কমেছে। বিশেষ করে জিরার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, গত বছর জিরা বিক্রি করেছি ৬৫০ থেকে ৬৬০ টাকা কেজি দরে। রোজার ঈদেও দাম ছিল ৬৩০ টাকা। বর্তমানে তা কমে ৫৫০ টাকায় বিক্রি করছি।

 

তিনি আরও জানান, চলতি বছরে ভারত থেকে হিলি বন্দরে জিরার আমদানি বেড়েছে। ফলে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগামীতে দাম আরও কমতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর