যোগদানের এক সপ্তাহের মাথায় মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহার করা হয়।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়, মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ১৬ মের মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন।
আদেশে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন তিনি। এরপরই এই প্রত্যাহারের নির্দেশ এল।

বিজ্ঞাপন
পত্রের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা জানান, এসপি মো. রিয়াজুল ইসলাম আজ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, গত ৮ মে সকালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার পদে দায়িত্বভার গ্রহণ করেন মো. রিয়াজুল ইসলাম। যোগদানের এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলের দায়িত্ব ছেড়ে পুলিশ সদর দফতরে সশরীরে রিপোর্ট করার বিষয়টি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোলপাড় সৃষ্টি হয়েছে। নেটিজনদের মাঝে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
প্রতিনিধি/এসএস




